Headline
কপ-৩১ সম্মেলনে ৫টি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১: জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ কতটা প্রস্তুত কপ-৩১ সম্মেলন : আশাবাদ সামান্যই শুরু হলো কপ-৩১, রেকর্ড উষ্ণতার পৃথিবীতে জলবায়ু সমাধানের সন্ধান কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণ চুক্তি সুপার মডেল মারিয়া কিসপট্টার জন্মদিন আজ রায়পুরায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সম্পাদক জাহাঙ্গীর উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

কপ-৩১ সম্মেলন : আশাবাদ সামান্যই

প্রতিনিধি :
প্রকাশকাল : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বছর ঘুরে আবার শুরু হয়েছে জাতিসঙ্ঘের বার্ষিক জলবায়ু সম্মেলন, যেটি কপ-৩১ নামে পরিচিত। গত সোমবার (৯ নভেম্বর ২০২৬) তুরস্কের ভূমধ্যসাগরীয় প্রধান পর্যটন নগরী আন্তালিয়ায় বিশ্বনেতাদের উপস্থিতিতে শুরু হয়েছে সম্মেলন, চলবে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

এবারের সম্মেলন এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন প্রথমবারের মতো বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হচ্ছে যে, পৃথিবীর তাপমাত্রা প্রাক-শিল্পায়নের যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে জন্যই জলবায়ু সম্মেলনের জন্য প্রতীক হিসেবে এই শহরটি বেছে নেয়া হয়েছে। এতে অংশ নিচ্ছেন প্রায় ২০০ জন রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী, কূটনীতিবিদ, জলবায়ুবিজ্ঞানী, পরিবেশকর্মী এবং নীতিনির্ধারকসহ এক লাখের বেশি প্রতিনিধি। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশের একটি প্রতিনিধিদলও এতে অংশ নিচ্ছে।

যৌথ প্রেসিডেন্সি : এবারের সম্মেলনের সভাপতির পদে ব্যতিক্রমী অংশীদারিত্ব থাকছে। মূল আয়োজক দেশ হিসেবে তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্য দিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোর জলবায়ু সঙ্কটকে বিশ্বমঞ্চে তুলে ধরতে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েনও যৌথভাবে সভাপতির দায়িত্বে রয়েছেন। বোয়েন মূলত জলবায়ু আলোচনার ক্ষেত্রে মূল নেতৃত্ব দিচ্ছেন।

কপ-৩১ সম্মেলনে নতুন কোনো উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণের চেয়ে জলবায়ুসংক্রান্ত আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ওপর বেশি জোর দেয়া হচ্ছে। মূল এজেন্ডায় আছে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থায় বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করা। উন্নয়নশীল ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর আর্থিক প্রতিশ্রুতি রক্ষা নিশ্চিত করা, ২০৩৫ সালের মধ্যে অনুদান ও ঋণের মাধ্যমে প্রতি বছর কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলার (এবং সামগ্রিক উৎস থেকে ১.৩ ট্রিলিয়ন ডলার) জলবায়ু তহবিল নিশ্চিত করার রোডম্যাপ নিয়ে আলোচনা, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থসহায়তা দেয়া এবং কার্যকর অভিযোজন ব্যবস্থা পরিমাপের কাঠামো তৈরি করা, তেল, গ্যাস এবং বর্জ্য ব্যবস্থাপনা খাত থেকে ক্ষতিকর মিথেন গ্যাস নির্গমন দ্রুত কমিয়ে আনা এবং বর্জ্য উৎপাদন হ্রাস করা, এনডিসি (NDCs) অর্থাৎ দেশগুলোর নিজস্ব জলবায়ু পরিকল্পনা এগিয়ে নেয়ার বিষয়টি জোরদার করা, প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে দেশগুলোর নিজস্ব জাতীয় জলবায়ু পরিকল্পনা বা ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ (NDC) পুনর্মূল্যায়ন ও শক্তিশালী করা।
সম্ভাব্য আউটকাম বা ফলাফল

বিশ্ববাজারের অস্থিরতা, ভূরাজনৈতিক উত্তেজনা (যেমন- ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সঙ্কট) এবং বড় বড় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের কারণে পর্যবেক্ষকরা বড় কোনো বাধ্যতামূলক চুক্তির বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। তবে কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঐকমত্য বা আংশিক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। যেমন- স্বেচ্ছাধীন লক্ষ্যমাত্রা অনুমোদন।
সম্মেলনের আয়োজন হিসেবে তুরস্ক কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রেখেছে, যা দেশগুলো মেনে নিতে পারে : এর মধ্যে আছে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণ করা (যা বর্তমানে প্রায় ২৩ শতাংশ); স্থাপত্য খাতে সাশ্রয় : ২০৩৫ সালের মধ্যে আবাসন বা ভবন নির্মাণ খাতে জ্বালানি ব্যবহারের তীব্রতা কমপক্ষে ২৫ শতাংশ কমিয়ে আনা; বর্জ্য হ্রাস : ২০ cascade সাল নাগাদ বিশ্বব্যাপী বর্জ্য বৃদ্ধির হার অর্ধেকে নামিয়ে আনা।

বাস্তবায়ন রোডম্যাপ : ২০২৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ‘গ্লোবাল স্টকটেক’ (Global Stocktake)-এর প্রস্তুতি হিসেবে দেশগুলো কিভাবে তাদের কার্বন নির্গমন কমাবে, তার একটি বাস্তবমুখী গাইডলাইন তৈরি হতে পারে।
বাংলাদেশের মতো দেশগুলোর সম্ভাব্য অর্জন : বাংলাদেশ এই সম্মেলনে জলবায়ু অভিযোজনের জন্য নতুন করে ঋণের বোঝা না বাড়িয়ে পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার জোরালো দাবি তুলছে। এর ফলে আন্তর্জাতিক জলবায়ু তহবিল (Green Climate Fund) থেকে অনুদান পাওয়ার পথ সুগম হতে পারে।

সার্বিকভাবে, কপ-৩১ কেবল কাগুজে প্রতিশ্রুতির সম্মেলন না হয়ে বৈশ্বিক পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের প্রক্রিয়াকে কার্যকরভাবে ‘মাঠে নামানোর’ (Delivery on the ground) একটি বড় পরীক্ষা হিসেবে গণ্য হচ্ছে।

খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই

জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন বা কপ (COP) বিগত তিন দশক ধরে বৈশ্বিক জলবায়ু কূটনীতির একমাত্র প্রধান মঞ্চ। তবে প্রতি বছর হাজার হাজার প্রতিনিধি, বিলাসবহুল আয়োজন করেও আশানুরূপ ফলাফল না আসায় সমালোচকদের অনেকে প্রায়ই এটিকে ‘বিশ্বনেতাদের বার্ষিক পিকনিক’ বা ট্যুরিজম বলে অভিহিত করেন। শুধু তাই নয়, এতে অনেক ফাঁকফোকরও আছে। সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে বলে নিই এ সম্মেলনের অর্জিত সাফল্যের বিষয়ে।

গত ৩০ বছরে এটি বৈশ্বিক পরিবেশ নীতিতে বেশ কিছু ঐতিহাসিক মাইলফলক ও আইনি কাঠামো তৈরি করতে পেরেছে। যেমন- প্রথম কপ সম্মেলনে বিশ্ব প্রথমবারের মতো স্বীকার করে যে, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সঙ্কট এবং এর মোকাবেলায় যৌথ উদ্যোগ প্রয়োজন। তৃতীয় কপ সম্মেলনে গ্রহণ করা হয় কিয়োটো প্রটোকল (১৯৯৭), যাতে প্রথমবারের মতো উন্নত দেশগুলোর জন্য ক্ষতিকর গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমানোর আইনি বাধ্যবাধকতা তৈরি করা হয়। সবচেয়ে সফল সম্মেলন ছিল ২০১৫ সালের প্যারিস কপ-২১। এ সম্মেলনে বিশ্বের প্রায় সব দেশ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়নের যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে না দেয়ার বিষয়ে একমত হয় এবং ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। এর ফলে দেশগুলো নিজ উদ্যোগে ‘এনডিসি’ (COP) বা কার্বন হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ শুরু করে। ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে প্রথমবারের মতো চূড়ান্ত দলিলে কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি থেকে ক্রমান্বয়ে সরে আসার স্পষ্ট ঘোষণা দেয়া হয়। দুবাই সম্মেলনেই জলবায়ু পরিবর্তনের কারণে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য বিশেষ তহবিল গঠনে উন্নত দেশগুলো একমত হয়। এবার আসুন ফাঁকফোকর কি আছে দেখে নিই। এই সম্মেলনে কেবল পরিবেশ রক্ষার পক্ষের মানুষই থাকে না। থাকে বিশ্বের তথা পুরো মানব জাতির কল্যাণ জলাঞ্জলি দিয়ে হলেও ব্যক্তি, রাষ্ট্র ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখার পক্ষের অত্যন্ত প্রভাবশালী পক্ষগুলোও।
জীবাশ্ম জ্বালানি লবিস্টদের আধিপত্য

সাম্প্রতিক বছরগুলোতে (যেমন- কপ-২৮ দুবাইতে বা কপ-২৯ আজারবাইজানে) দেখা গেছে, তেল ও গ্যাস কোম্পানির শত শত লবিস্ট এই সম্মেলনে অংশ নেন। তারা পর্দার আড়ালে এমনভাবে আলোচনা নিয়ন্ত্রণ করে যাতে জীবাশ্ম জ্বালানি পুরোপুরি বন্ধ করার মতো কঠোর কোনো সিদ্ধান্ত চুক্তিতে আসতে না পারে। একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে।
দুবাই সম্মেলন চলাকালীন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও গবেষণা সংস্থা ‘কিক পলিউটার্স আউট’-এর অনুসন্ধানে দেখা যায়, কপ-২৮ সম্মেলনে রেকর্ড সংখ্যক দুই হাজার ৪৫৬ জন জীবাশ্ম জ্বালানি লবিস্ট অংশ নেন। তারা পর্দার আড়াল থেকে প্রভাব সৃষ্টি করেন। যেমন- আলোচনার মাঝপথে তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের তৎকালীন সেক্রেটারি জেনারেল হাইথাম আল-ঘাইস সংস্থার সব সদস্য দেশকে একটি অত্যন্ত গোপনীয় চিঠি পাঠান। বার্তা সংস্থা রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমে সে চিঠি ফাঁস হয়।

চিঠিতে আল-ঘাইস স্পষ্ট নির্দেশ দেন, যাতে কোনো অবস্থাতেই চুক্তির চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানি ‘বন্ধ’ করার কোনো প্রস্তাব বা এ সম্পর্কিত কোনো শব্দও মেনে নেয়া না হয়। স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরাতের কপ প্রেসিডেন্ট সুলতান আল-জাবের (যিনি নিজে একটি রাষ্ট্রীয় তেল কোম্পানির প্রধান) এই লবিংয়ের পক্ষে আলোচনা পরিচালনা করেন। ফল কী দাঁড়ায় বিশ^ জানে। ওপেক দেশগুলোর স্বার্থ অক্ষুণœ থাকে। আবার ২০২১ সালে গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনে জলবায়ু কূটনীতির ইতিহাসে প্রথমবারের মতো কয়লার ব্যবহার বন্ধের বিষয়টি চুক্তিতে সরাসরি অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছিল।
কিন্তু সম্মেলনের একদম শেষ মুহূর্তে, নাটকীয়ভাবে চুক্তির ভাষা পরিবর্তন করতে বাধ্য করা হয়। চূড়ান্ত ঘোষণায় শেষ মুহূর্তে কয়লা ‘সম্পূর্ণ বন্ধ’ করা হবে শব্দ দু’টির বদলে ‘কমিয়ে আনা’ হবে শব্দ দু’টি যোগ করা হয়। ঘোষণাপত্র তৈরির মাত্র কয়েক ঘণ্টা আগে ভারত, চীন এবং সৌদি আরবের মতো বড় বড় তেল ও কয়লানির্ভর দেশের প্রতিনিধিরা তীব্র আপত্তি তোলেন। এই শক্তিশালী লবিংয়ের মুখে কপ-২৬ এর তৎকালীন ব্রিটিশ প্রেসিডেন্ট অলোক শর্মা অত্যন্ত আবেগপ্রবণ ও অশ্রুসজল চোখে বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়ে ঘোষণা করেন, চুক্তিটি টিকিয়ে রাখতে তাদের আপস করতে হচ্ছে। এসব ঘটনা প্রমাণ করে, বৃহৎ জ্বালানি অর্থনীতির দেশ ও তাদের লবিস্টরা বিশ্বমঞ্চের যৌথ সিদ্ধান্তকে একতরফাভাবে বদলে দিতে পারে।
তহবিলের নামে প্রতিশ্রুতির ফাঁকি

উন্নত দেশগুলো দরিদ্র দেশগুলোকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বছরের পর বছর ধরে পুরোপুরি রক্ষা হয়নি। আর্থিক সহায়তার বেশির ভাগই দেয়া হয় ‘ঋণ’ হিসাবে, অনুদান হিসাবে নয়। ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্কট থেকেই যায়। আর সম্মেলনে আলোচনার টেবিল কেবলই সরগরম হয়।

যাই হোক, কপ সম্মেলনকে আমরা নিছক পিকনিক বলতে চাই না। এই মঞ্চ না থাকলে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ব আজ যেখানে পৌঁছেছে হয়তো সেটুকুও সম্ভব হতো না। তবে এটি সত্য যে, সঙ্কট যতটা ভয়াবহ তার তুলনায় কপের গতি কচ্ছপতুল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category