Headline
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সম্পাদক জাহাঙ্গীর উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় রায়পুরায় বালু থেকে মূল্যবান খনিজ পৃথকীকরণের দাবি, উদ্ভাবন পরিদর্শনে এমপি কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন: যোগ দিচ্ছেন বাংলাদেশের আট সাংবাদিক আইজেসি গ্লোবাল মিডিয়া গ্রুপ ও সার্ক জার্নালিস্ট ফোরামের মধ্যে বৈশ্বিক সাংবাদিকতা সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর কর্মসংস্থান ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম টংগিবাড়ী শাখার উদ্বোধন কর্মীদের প্রাণচাঞ্চল্যে জমে উঠল ফেন্সি লিমিটেডের আয়োজন একশ’র বেশি হ্রদ যে উদ্যানে
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

প্রতিনিধি : / ৭৫ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬:

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে অতিদরিদ্র, প্রান্তিক, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টিতে Small Business Microfinance and Micro Enterprise Fund (SBMMEF)’ প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ৫০ কোটি টাকার SBMMEF প্রকল্পটি একটি পাইলট উদ্যোগ। যারা ব্যাংকে যেতে ভয় পান, এমন অতিদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে কর্মসৃজন ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি করতেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সরকার সৃজনশীল অর্থনীতির ওপরও গুরুত্ব দিচ্ছে। প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষদের শুধু ঋণ দেওয়াই নয়, প্রশিক্ষণ, পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনের মাধ্যমে তাদের বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি আরও গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে চায় সরকার।
কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকটির শ্রেণিকৃত ঋণের হার ৪ দশমিক ৮৬ শতাংশ থেকে কমিয়ে ১ থেকে ২ শতাংশে নামিয়ে আনতে পারলে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে। একই সঙ্গে তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংক ভালো করছে এবং প্রতিষ্ঠানটি মুনাফাও করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, কর্মসংস্থান ব্যাংক পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করছে। এ জনগোষ্ঠীকে ব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখা হলে তারা সমাজে এগিয়ে যাবে এবং এর মাধ্যমে বাংলাদেশও এগিয়ে যাবে।

অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, SBMMEF প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে ভবিষ্যতে এটি সারাদেশে বিস্তৃত করা যেতে পারে। ক্ষুদ্রঋণ কার্যক্রমে কর্মসংস্থান ব্যাংকের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দেশব্যাপী বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং এ খাতে অর্জিত সাফল্যের কারণে প্রকল্প বাস্তবায়নে ব্যাংকটিকে নির্বাচন করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ক্ষুদ্রঋণের পাশাপাশি উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ এবং বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নিতে হবে। শুধু ঋণ বিতরণ ও আদায় নয়, টেকসই উদ্যোগ গড়ে তুলে নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, কর্মসংস্থান ব্যাংকের বিদ্যমান অবকাঠামো ও মাঠপর্যায়ের দক্ষ জনবল কাজে লাগিয়ে প্রকল্পের সুফল দেশের প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে SBMMEF প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে ঋণের সুদের হার কমানো এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক সহায়তার পরিধি বাড়ানোর বিষয়ে সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী বলেন, সরকার আগামী পাঁচ বছরে দেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসংস্থান ব্যাংক আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চলতি অর্থবছরে দেড় লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি।
তিনি জানান, SBMMEF প্রকল্পের ঋণের সুদের হার ৬ শতাংশ। এছাড়া ঋণ বিতরণের ক্ষেত্রে ৫০ শতাংশ নারী উদ্যোক্তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, বাংলাদেশ ব্যাংক, এনজিও বিষয়ক ব্যুরো, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, দাতা সংস্থা, গণমাধ্যম এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের অতিদরিদ্র, জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান ব্যাংকের নতুন ঋণ কর্মসূচি ‘SBMMEF প্রকল্প’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে প্রকল্পের আওতাভুক্ত উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category