Headline
কপ-৩১ সম্মেলনে ৫টি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১: জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ কতটা প্রস্তুত কপ-৩১ সম্মেলন : আশাবাদ সামান্যই শুরু হলো কপ-৩১, রেকর্ড উষ্ণতার পৃথিবীতে জলবায়ু সমাধানের সন্ধান কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণ চুক্তি সুপার মডেল মারিয়া কিসপট্টার জন্মদিন আজ রায়পুরায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সম্পাদক জাহাঙ্গীর উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শুরু হলো কপ-৩১, রেকর্ড উষ্ণতার পৃথিবীতে জলবায়ু সমাধানের সন্ধান

প্রতিনিধি :
প্রকাশকাল : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নাসির আল মামুন।।

পৃথিবীর জলবায়ুব্যবস্থায় তাপ জমার গতি বাড়ছে। সমুদ্রের তাপ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পৌঁছেছে রেকর্ড পর্যায়ে। এর মধ্যে শক্তিশালী এল নিনো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলার আশঙ্কা তৈরি করেছে। এমন উদ্বেগজনক বৈশ্বিক পরিস্থিতির মধ্যেই তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)।

সোমবার (৯ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া দুই সপ্তাহের এ সম্মেলনে বিশ্বনেতা ও জলবায়ু আলোচকদের মূল বার্তা, নতুন প্রতিশ্রুতির পাশাপাশি এখন প্রয়োজন দ্রুত ও কার্যকর বাস্তবায়ন।

সম্মেলনের প্রথম দিনেই বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) প্রকাশ করেছে ২০২৬ সালের জলবায়ু পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন। এতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্‌শিল্প যুগের (১৮৫০-১৯০০) গড়ের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ২০২৬ সাল রেকর্ডের চারটি উষ্ণতম বছরের একটি হতে পারে। ২০১৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়টি রেকর্ডের উষ্ণতম ১২ বছর হিসেবে বিবেচিত হচ্ছে।

ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, পৃথিবীর জ্বালানি ভারসাম্যহীনতা ক্রমেই বাড়ছে এবং জলবায়ুব্যবস্থায় তাপ জমার গতি ত্বরান্বিত হচ্ছে। গ্রিনহাউস গ্যাসের কারণে আটকে পড়া অতিরিক্ত তাপের প্রায় ৯০ শতাংশ শোষণ করছে সমুদ্র। ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রাথমিক তথ্য বলছে, সমুদ্রের তাপের পরিমাণ টানা দশম বছরের মতো নতুন রেকর্ড গড়তে পারে। একই সঙ্গে ১৯৯৩ সালে স্যাটেলাইট পর্যবেক্ষণ শুরু হওয়ার পর বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট থেকে এল নিনো পরিস্থিতি শক্তিশালী হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে এটি রেকর্ড শক্তিতে পৌঁছাতে পারে। এর প্রভাব ২০২৭ সালের শুরু পর্যন্ত বৈশ্বিক তাপপ্রবাহ, খরা ও অতিবৃষ্টির ঝুঁকি বাড়াতে পারে। এল নিনোর প্রভাবে সমুদ্রের সঞ্চিত তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

উদ্বোধনে বাস্তবায়নের আহ্বান

কপ৩১-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম, অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী এবং সম্মেলনের আলোচনাপ্রধান ক্রিস বোয়েন এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে গত বছরের কপ৩০-এর সভাপতি ব্রাজিলের আন্দ্রে কোরেয়া দো লাগোও উপস্থিত ছিলেন। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কপ সভাপতিত্বের দায়িত্ব ব্রাজিলের কাছ থেকে তুরস্কের কাছে যায়।

সম্মেলনের সভাপতি মুরাত কুরুম বলেন, বিশ্ব এখন যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জলবায়ু সংকটের মতো একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সংকট পরস্পরের সঙ্গে সম্পর্কিত। এক অঞ্চলের খরা অন্য অঞ্চলের খাদ্য সরবরাহ ও অর্থনীতিতে প্রভাব ফেলছে। আবার কোথাও বন্যা ও চরম আবহাওয়া দূরবর্তী অঞ্চলের শিল্প উৎপাদন ও সরবরাহব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করছে। তীব্র তাপপ্রবাহ নগরজীবন, কৃষি ও জনস্বাস্থ্যের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

কুরুম বলেন, জলবায়ু নীতি এখন শুধু পরিবেশের বিষয় নয়; এটি খাদ্য, জ্বালানি, নগর উন্নয়ন ও জনস্বাস্থ্যের সঙ্গেও সরাসরি যুক্ত। তিনি কপ৩১-কে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তাঁর বক্তব্যে সংলাপ, ঐকমত্য এবং প্রতিশ্রুতিকে মানুষের জীবনে দৃশ্যমান ফলাফলে রূপ দেওয়ার ওপর গুরুত্ব পায়। জলবায়ু আলোচনায় শুধু অঙ্গীকার নয়, বাস্তব পদক্ষেপের সময় এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন বলেন, তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে এবারের সম্মেলন আয়োজন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশগুলোর মধ্যে গঠনমূলক সহযোগিতা প্রয়োজন। সম্মেলনের আলোচনায় দেশগুলোর নির্ধারিত জলবায়ু লক্ষ্যকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে। জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর বহুপক্ষীয় সহযোগিতার ওপরও জোর দেন তিনি।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেন, প্যারিস চুক্তির পর বিশ্ব জলবায়ু লক্ষ্য নির্ধারণ, রাজনৈতিক অঙ্গীকার এবং বাজারে পরিবর্তনের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। বড় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের প্রায় ৯০ শতাংশ এখন জীবাশ্ম জ্বালানির বিকল্পের তুলনায় সাশ্রয়ী। অভিযোজন কার্যক্রমও আগের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে। তবে অগ্রগতি এখনো প্রয়োজনের তুলনায় যথেষ্ট দ্রুত বা ন্যায্য নয়।

স্টিয়েল বলেন, কপ৩১-কে বিদ্যমান বৈশ্বিক লক্ষ্য ও জাতীয় পরিকল্পনাকে বাস্তবায়নযোগ্য পদক্ষেপে রূপ দিতে হবে। মিথেন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের পরিবর্তে পরিচ্ছন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলার মতো বাস্তব সমাধানে দ্রুত অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি।

গুতেরেসের সতর্কবার্তা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কপ৩১-এর উদ্বোধনী অধিবেশনে সরাসরি বক্তব্য দেননি। তবে ৯ নভেম্বর এক লিখিত বিবৃতিতে তিনি বিশ্বনেতাদের জলবায়ু সংকট মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাঁর বিবৃতিতে চরম আবহাওয়ার ঘটনা, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী দেশগুলোর ওপর বেশি ক্ষতির বোঝা পড়ার বিষয়টি উঠে আসে।

গুতেরেস দ্রুত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত রূপান্তর এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

জলবায়ু বিপর্যয়ের মানবিক ও অর্থনৈতিক মূল্য

বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ, দাবানল, বন্যা, খরা ও হিমবাহ গলে যাওয়ার ঘটনা জলবায়ু সংকটের ঝুঁকি আরও স্পষ্ট করছে। এসব দুর্যোগ শুধু প্রাণহানি ও ঘরবাড়ির ক্ষতিই ঘটাচ্ছে না; খাদ্য উৎপাদন, জীবিকা, অবকাঠামো ও অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি চাপ তৈরি করছে।

ডব্লিউএমওর প্রতিবেদনে হিমবাহের দ্রুত বরফ হারানোর বিষয়টিও তুলে ধরা হয়েছে। সংস্থাটির হিসাবে, ২০২৫ সালে হিমবাহের যে পরিমাণ বরফের ভর কমেছে, তা দিয়ে বছরের প্রতিটি সেকেন্ডে পাঁচটি অলিম্পিক সুইমিং পুল পূর্ণ করা যেত। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে নিচু উপকূলীয় এলাকার মানুষের ঝুঁকিও বাড়ছে।

তবে কিছু অগ্রগতির কথাও জানিয়েছে সংস্থাটি। ২০১৫ সালে ৫৬টি দেশে বহু-ঝুঁকিভিত্তিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ১৩৬টি দেশে পৌঁছেছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এ ধরনের আগাম সতর্কীকরণ ব্যবস্থা আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

১.৫ ডিগ্রির লক্ষ্য ও জ্বালানি রূপান্তরের চ্যালেঞ্জ

২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্‌শিল্প যুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখার প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু বর্তমান নির্গমন প্রবণতা ও নীতিগত অগ্রগতি সেই লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলেছে।

এবারের সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য। আন্তর্জাতিক সংঘাত, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং মূল্যবৃদ্ধির কারণে অনেক দেশ জ্বালানি নিরাপত্তাকে নতুন করে গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানোর চাপও রয়েছে।

তুরস্ক এবারের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার ‘৩৫ বাই ৩৫’ উদ্যোগ তুলে ধরেছে। তবে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি তা কতটা পরিচ্ছন্ন উৎস থেকে উৎপাদিত হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। কারণ জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকলে শুধু বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জলবায়ু লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে।

অর্থায়ন নিয়ে শুরুতেই মতপার্থক্য

সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগেই জলবায়ু অর্থায়ন নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। উন্নয়নশীল দেশগুলো জলবায়ু অভিযোজন, দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য অর্থায়ন নিয়ে আরও আনুষ্ঠানিক আলোচনা চায়। বিশেষ করে অর্থায়ন কীভাবে বাড়বে, কোন প্রক্রিয়ায় তা পাওয়া যাবে এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে কীভাবে পৌঁছাবে, সে প্রশ্ন সামনে এসেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অর্থায়ন-সংক্রান্ত বিষয়গুলো আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা নিয়ে রোববার রাত পর্যন্ত আলোচনা চলে। এর মধ্যে সোমবারের উদ্বোধনী অনুষ্ঠান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয়। তবে উদ্বোধনী অনুষ্ঠান বিলম্বিত হওয়ার একমাত্র কারণ হিসেবে এই মতপার্থক্যকে নিশ্চিত করা যায়নি।

উন্নয়নশীল দেশগুলোর দাবি, জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী উন্নত দেশগুলোকে তাদের অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। শুধু ঋণ নয়, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য অনুদান ও প্রযুক্তি সহায়তাও নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের প্রত্যাশা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধান প্রত্যাশা অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা, প্রযুক্তি হস্তান্তর এবং অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ নভেম্বর তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে। ১১ ও ১২ নভেম্বরের বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ এবং ১২ নভেম্বর বাংলাদেশের জাতীয় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

২০ নভেম্বর পর্যন্ত চলবে কপ৩১। বিশ্বের বিভিন্ন দেশের সরকার, বিজ্ঞানী, জলবায়ু বিশেষজ্ঞ, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। জলবায়ু সংকট মোকাবিলায় নতুন প্রতিশ্রুতির পাশাপাশি আগের অঙ্গীকার বাস্তবায়ন, অর্থায়নের ন্যায্যতা এবং জীবাশ্ম জ্বালানি থেকে রূপান্তরের ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category