Headline
কপ-৩১ সম্মেলনে ৫টি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১: জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ কতটা প্রস্তুত কপ-৩১ সম্মেলন : আশাবাদ সামান্যই শুরু হলো কপ-৩১, রেকর্ড উষ্ণতার পৃথিবীতে জলবায়ু সমাধানের সন্ধান কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণ চুক্তি সুপার মডেল মারিয়া কিসপট্টার জন্মদিন আজ রায়পুরায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সম্পাদক জাহাঙ্গীর উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাসির আল মামুন।।
প্রকাশকাল : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নাসির আল মামুন।।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক করার দাবি জানাবে বাংলাদেশ। একই সঙ্গে প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ। সম্মেলনের দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড লিডার্স সামিটে’ অংশ নিতে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত সফরে তুরস্ক যাবেন এবং সম্মেলনের দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন বা কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১) আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অবস্থিত আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্মেলনের অংশ হিসেবে আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে উচ্চপর্যায়ের ‘ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট’।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্মেলনে জলবায়ু সহনশীলতা ও অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন এবং অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর দায়িত্ব পালনের বিষয়েও আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা করবে বাংলাদেশ।

জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক ব্যবস্থার পক্ষে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরা হবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে যেসব দেশের অবদান খুবই কম, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তাদের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপানো উচিত নয়।

তিনি বলেন, ‘কার্বন নির্গমনে বাংলাদেশের ভূমিকা প্রায় শূন্যের কোঠায় হলেও শেষ পর্যন্ত আমাদেরই এর পরিণতি ভোগ করতে হয়।’ আন্তর্জাতিক জলবায়ু চুক্তির আওতায় বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবিও সম্মেলনে তুলে ধরা হবে বলে জানান তিনি।

এ ছাড়া গত ছয় মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকারের নেওয়া পরিবেশ ও জলবায়ুসংক্রান্ত বিভিন্ন উদ্যোগও সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উদ্যোগের মধ্যে রয়েছে খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি এবং সৌরবিদ্যুৎসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা। এসব কার্যক্রম জলবায়ু সহনশীলতা জোরদার, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং এর বিরূপ প্রভাব মোকাবিলা করছে, সেই অভিজ্ঞতাও আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর সফরসূচি, সফরসঙ্গীদের তালিকা এবং সম্মেলনে বাংলাদেশের বিস্তারিত আলোচ্য অবস্থান সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, সফরের আগে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে। প্রধানমন্ত্রীর দেশত্যাগের আগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কপ-৩১ সম্মেলনে প্যারিস চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করা, জলবায়ু অভিযোজন জোরদার, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন বাড়ানো এবং পরিচ্ছন্ন জ্বালানির দিকে বৈশ্বিক রূপান্তর এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। দীর্ঘদিন ধরেই দেশটি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সহজলভ্য ও পূর্বানুমানযোগ্য করার দাবি জানিয়ে আসছে। বিশেষ করে জলবায়ু অভিযোজন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি সামাল দিতে প্রয়োজনীয় অর্থায়নের ওপর গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ।

এবারের সম্মেলনে জলবায়ু সংকট মোকাবিলায় রাজনৈতিক অঙ্গীকার জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং জলবায়ু চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা আলোচনা করবেন।

উল্লেখ্য, কপ-৩১ সম্মেলন আয়োজন ও সভাপতিত্ব করবে তুরস্ক। অন্যদিকে, সম্মেলনের আলোচনা ও দরকষাকষির মূল সভাপতিত্বের দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category