রিং পরানোর পর তামিমের অবস্থা অনুকূলে
তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রিং পরানোর পর এখন তার অবস্থা অনুকূলে বলে জানিয়েছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের ডিরেক্টর ডা. রাজীব হাসান।
সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘তামিমের একটা হার্ট অ্যাটাক হয়েছে। তাই একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে উনার স্টেন্টিং খুব স্মুথলি ও এফিশিয়েন্টলি হয়েছে। ডাক্তার মারুফ এই স্টেন্টিং করেছেন। এখন ওই ব্লকটা পুরোপুরি চলে গেছে। একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পর এখন পর্যবেক্ষণে আছেন। ক্রিটিক্যাল অবস্থা এখনও কাটেনি। একটু সময় লাগবে। আমরা সবাই প্রাণপণ চেষ্টা করছি। ’
এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন তামিম। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল তামিমের দল। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছেন অধিনায়ক তামিম। পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এর আগে তাকে ঢাকা আনার চেষ্টা করা হয় হেলিকপ্টার যোগে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তা করা যায়নি। পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। হার্টে ব্লক ধরা পড়েছে তার।






